প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ণ
জ্বালানি তেল সংকটে দিনাজপুরে বেশিরভাগ বন্ধ ফিলিং স্টেশন

তেল সংকটে দিনাজপুরের পেট্রোল পাম্প গুলো। তেল না থাকায় বেশীরভাগ পেট্রোল পাম্প বন্ধ। তেলের জন্য শত শত মোটর সাইকেলসহ যানবাহনগুলোর হাহাকার পরিস্থিতি। পেট্রোল অকটেন চালিত যানবাহন গুলোর চালকরা পড়েছে বিপাকে। তেলের জন্য অনেক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে।
এদিকে রেশনিং পদ্ধতিতে কোন কোন ফিলিং স্টেশন তেল দিলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নজরদারিতে রেখেছে।
পেট্রোল অকটেন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকসহ সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোর থেকে শহরের ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন না থাকায় সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা যায়। এতে বিপাকে পড়েছেন এসব জ্বালানি তেল ব্যবহারকারী যানবাহনের চালকরা।
তবে সকল ১১ টা থেকে কোন কোন ফিলিং স্টেশন থেকে ২ লিটার করে তেল দিতে দেখা গেছে।
ভুক্তভোগী চালকরা জানান, ভোর থেকে পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় তারা তেল নিতে পারছেন না। এতে দূর-দূরান্ত থেকে যারা আসছেন তাদের সবথেকে বেশি বিপাকে পড়তে হয়েছে।
এদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুত শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান শাহীন জানিয়েছেন, একটি ট্যাংক লরির ধারণক্ষমতা ৯ হাজার লিটার কিন্তু পার্বতীপুর ডিপো থেকে মাত্র তিন হাজার লিটার দেওয়া হচ্ছে। যা পর্যাপ্ত নয়।
পেট্রোল পাম্প গুলোতে তেল বরাদ্দ বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক গ্রুপ।
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫