শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনার তিন দিন পর মামলা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রেজাউলের স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় এ মামলা করেন। মামলার এজাহারে ২৩৪ জনের নাম উল্লেখ করা হয়ছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০০-৫০০ জনকে।
মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান জানান, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউলকে নিহতের ঘটনায় এই হত্যা মামলা করা হয়েছে। মামলায় কে কে আসামি, সে তথ্য তাৎক্ষণিক জানাতে অপারগতা প্রকাশ করেন হাফিজুর। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, মামলায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। পুলিশের একটি সূত্রও মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শেরপুর জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক শহরের মাইসাহেবা মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে জামায়াত নেতারা বলেন, রেজাউল করিমের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে জেলার সব কার্যক্রম অচল করে দেওয়া হবে। -সংবাদ
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫