ইরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালায়, তবে তেহরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। এই হুঁশিয়ারি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হুমকি প্রদানের পর।

এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা মনে করছে ট্রাম্প ইতিমধ্যেই ইরানে হস্তক্ষেপের পরিকল্পনা করছেন। তবে সেই পদক্ষেপের সময়সীমা ও পরিধি এখনো অস্পষ্ট। যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কোনো অভিযান চালানো থেকে বিরত রাখতে তেহরান আঞ্চলিক মিত্র দেশগুলোকে সতর্ক করেছে।
ইরানি সূত্রে জানা গেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ককে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তবে সেই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগও আপাতত স্থগিত রয়েছে। গত বছরের ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটেও তেহরান আল-উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানাচ্ছে, চলমান বিক্ষোভে অন্তত ২ হাজার ৪০০ বিক্ষোভকারী ও ১৪৭ সরকারি কর্মী নিহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষ সবকিছুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে।
ইরানে এই বিক্ষোভকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক হয়ে পরিস্থিতি নজর রাখছে।-সংবাদ
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫